প্রকাশিত

৩০/০৭/২০২৬ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকসহ দুজনের

নগরে একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু সিলেটে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকসহ দুজনের

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন

ছবি: ।


সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মুরাদ আহমেদ (৫৯)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে। বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের ১০২ নম্বর ফ্লাটের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষক মুরাদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

খাদিমপাড়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ
সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হন।

নিহত যুবক- শাহরিয়ার হাসান (২৬)। সে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।

সিলেটে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার

সিলেট অফিস : সিলেট মহানগরীতে বৃহস্পতিবার (৩০ জুলাই) পৃথক দুটি ঘটনায় এক ব্যবসায়ী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বন্দরবাজারের লালবাজার এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ী সোহেল আহমদ (৩৫)-এর মরদেহ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা এবং বর্তমানে নয়াসড়কে ভাড়া বাসায় থাকতেন। তিনি হাসান মার্কেটে ব্রিফকেস ও ব্যাগেজের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, হোটেলের একটি কক্ষ ভাড়া নেওয়ার পর দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান।

উপশহরে যুবকের মরদেহ উদ্ধার

একই দিন সকালে শাহপরান (রহ.) থানাধীন উপশহর এলাকার একটি বাসা থেকে রাব্বী আহমদ (২৯)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা এবং পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহপরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ।


sa