অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন
শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন
প্রকাশিত: ০১/০৮/২০২৬ ০৪:৫০:৫৬ অপরাহ্ন
ছবি: ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে চোট কাটিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথমে ঘোষিত দলে জায়গা হয়নি লিটনের। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবি জানিয়েছে, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। তবে ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে। আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।
এইচ বি বা