সংঘর্ষে স্কুলছাত্র নিহত
বগুড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে স্কুলছাত্র নিহত
প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৪:১২:১১ অপরাহ্ন
ছবি: ।
বগুড়ার শেরপুরে ফুটবল খেলা কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ তথ্য জানান শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন। এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিল শেখ বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সোমবার বিকালে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জামিল শেখ পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেন। অভিযোগ, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও একটি চাতালের ব্যবস্থাপক শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। তার কিল, ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের বাবা শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করেছেন। সোমবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, নিহত জামিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এইচ বি বা