স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে স্মৃতিসৌধে মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ
প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৩:৩০:০৬ অপরাহ্ন
ছবি: ।
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। নেতারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধানিবেদন শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এইচ বি বা