সিলেটে সিএনজিতে যাত্রীর ৩ লাখ টাকা চুরি, সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৮:৪৪:৫৪ অপরাহ্ন
ছবি: ।
সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীর তিন লাখ টাকা চুরির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং চোরাইকৃত তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আনছার আলী (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জালালাবাদ থানার গ্রাশ-বাগারপার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজি. নং-সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাইকৃত তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বাগারপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. নুরুল হক ওরফে হক (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানার মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি অটোরিকশায় যাত্রাকালে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে তিন লাখ টাকা চুরি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে