প্রকাশিত

১৯/০৮/২০২৬ ১১:০৪:০০ অপরাহ্ন

দেশজুড়ে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাংবাদিকতার পেশার মান-মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা বন্ধ করতে হবে।

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১১:০৪:০০ অপরাহ্ন

ছবি: ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার পেশার মান-মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইলিং বন্ধ করতে হবে। সাংবাদিকতার নাম ব্যবহার করে যারা ফ্যাসিবাদের দালালি, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও বিভিন্ন অপরাধে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সার্কিট হাউসের তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি আধুনিক রাষ্ট্র ও সমাজের জন্য শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকতা এমন একটি পেশা হওয়া উচিত, যেখানে মেধাবী ও নৈতিকতাসম্পন্ন মানুষ যুক্ত হবেন। তিনি বলেন, সাংবাদিকদের যেমন ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার রয়েছে, তেমনি ক্ষমতার অপব্যবহার করে কোনো অপরাধের সাফাই গাওয়াও গ্রহণযোগ্য নয়।

ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, গুম ও খুনের মতো অপকর্মকে সাংবাদিকতার আড়ালে বৈধতা দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেয় না।

তথ্যমন্ত্রী আরও বলেন, এক শ্রেণির মানুষ প্রেস কার্ড ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও বিভিন্ন ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছে। আবার কেউ কেউ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করা প্রয়োজন, যাতে পেশাদার ও নীতিবান সাংবাদিকদের স্বার্থ সুরক্ষিত থাকে।

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য আধুনিক মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং কিংবা ভুয়া সংবাদ ছড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেন তথ্যমন্ত্রী।

এসময় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


কে ইউ এন