প্রকাশিত

৩০/০৯/২০২৬ ০৪:৩১:৪১ অপরাহ্ন

দেশজুড়ে

বালুবাহী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ

তামাবিল মহা সড়কে বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, আটক ১

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৪:৩১:৪১ অপরাহ্ন

ছবি: ।


মহা সড়কে বালুভর্তি সাধারণ একটি ট্রাক। কিন্তু বালুর স্তর সরাতেই বেরিয়ে এলো হাজার হাজার ভারতীয় শাড়ি। সীমান্তপথে চোরাচালানের অভিনব কৌশল হিসেবে বালুর নিচে লুকিয়ে এসব শাড়ি পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।



সিলেটের জৈন্তাপুরে বালুবাহী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা 

পুলিশ। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মো. আলাল নামে একজনকে আটক করা হয়েছে।



বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।



পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই উৎসব কর্মকারসহ পুলিশের একটি দল সিলেটগামী বালুবাহী ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ নম্বরের ট্রাকটির বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়।



আটক মো. আলাল, পিতা—সিদ্দিক আলী। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি এলাকার বাসিন্দা।



জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।



তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ডেস্ক রিপোর্ট :