প্রকাশিত

০৬/১০/২০২৬ ০৫:৫৬:৪৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

স্বামী সহ গ্রেপ্তার ৪

জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৫:৫৬:৪৫ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া খুকি আক্তার মীম( ২৬) ময়মনসিংহের ভালুকা থানার তালাব গ্রামের মৃত খোকন মিয়ার মেয়ে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে জাফলংয়ের প্রজাপতি রিসোর্টে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রিসোর্টে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযানে ভিকটিম খুকি আক্তার মীম (২৬)কে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভিকটিমের স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আঃ করিমের ছেলে সাগর মিয়া।এ ঘটনায় ভিকটিম খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ওমর ফারুক মোড়ল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


কেএন