ঠিকাদারদের বিরুদ্ধে ইউএনও ও প্রকৌশলী বরাবর অভিযোগ
৪ মাসেই বেহাল শেওলা-জকিগঞ্জ সড়ক
প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৪:৪৪:৪১ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার ৪ মাস যেতে না যেতেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কজুড়ে আবারও চরম বেহাল দশা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। কাজের নিম্নমান ও অনিয়মের প্রতিকার চেয়ে এবং জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় জেলা প্রকৌশলী বরাবর অভিযোগ এবং আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর দপ্তরে অনুলিপি জমা দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেওলা-জকিগঞ্জ সড়কের ৪ কিলোমিটারের কাজটি সম্পন্ন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আকিফ হোসাইনাই ও মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজ নামের দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান।২০২৪ সালের ডিসেম্বর মাসে দীর্ঘ ভোগান্তির পর সড়কটির কাজ শুরু হয় এবং চলতি ২০২৬ সালের এপ্রিল মাসে তা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কাজ সমাপ্তির মাত্র ৬ মাস পার না হতেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সোল্ডার ভেঙে গিয়ে রাস্তাটি পুনরায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
অল্প দিনেই সরকারি টাকায় নির্মিত এই রাস্তার চরম অবনতি দেখে চরম জনক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৮ সেপ্টেম্বর জেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ জানান এলাকাবাসী। আজ সেই স্মারকপত্রের অনুলিপি জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী বরাবর জমা দেওয়া হয়।
অভিযোগপত্র ও অনুলিপি জমাদানকালে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, আবুল কালাম আজাদ, জাফরুল ইসলাম মোস্তাক আহমদ, আব্দুল কাইয়ুম, আবু আল খায়রাত, মিজানুর রহমান, মোস্তাক আহমেদ চৌকিদার, আবিদ হোসেন, রুবেল আহমদ প্রমুখ।
জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এই সড়কের অনুলিপি পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য (সিলেট-৫), এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী, সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী বরাবরও পাঠানো হয়েছে। এলাকাবাসী অতিদ্রুত এই সড়কের স্থায়ী ও মানসম্মত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কেএন