প্রকাশিত

০৮/১০/২০২৬ ০৯:৪০:২৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

বাবার স্বপ্ন পূরণে সন্তানের প্রশংসনীয় উদ্যোগ

জকিগঞ্জে ‘ফিরুজ আলী মডেল মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন:

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:৪০:২৭ অপরাহ্ন

ছবি: ।

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিরুজ আলী মডেল মাদ্রাসা’। মরহুম বাবার স্মৃতিকে অম্লান করে রাখতে এবং নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত মিয়া এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। এতে করে স্থানীয় কোমলমতি শিশুরা নিজ গ্রামেই উন্নত মানের ধর্মীয় ও আধুনিক শিক্ষা অর্জনের সুযোগ পাবে।
‎
‎​মাদ্রাসা নির্মাণের জন্য ভূমি দান করেছেন ছাহিমা আক্তার চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উদ্যোক্তা আব্দুল বাছিত মিয়া নিজেই।
‎
‎​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রাথমিক পর্যায়ে ইবতেদায়ি ও হিফজ শাখা চালু করা হবে। পরবর্তী সময়ে সময়োপযোগী ও আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব বিবেচনা করে এতে ইংলিশ মিডিয়াম শাখা খোলারও পরিকল্পনা রয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও আরবি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আগামী ডিসেম্বর মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি ফরম বিতরণ শুরু হবে।
‎
‎​গত ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর থেকেই জকিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নির্মাণাধীন মাদ্রাসাটি পরিদর্শন করেন। পরিদর্শকরা জানান, গ্রাম্য পরিবেশের এই শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল।
‎
‎​সিরাজপাড়া ও আশপাশের এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এমন একটি মানসম্মত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল। দূর-দূরান্তে গিয়ে পড়ালেখা করার কষ্ট থেকে এখন শিশুরা মুক্তি পাবে। একই সাথে এটি নতুন প্রজন্মের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
‎
‎​বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে প্রতিষ্ঠিত আব্দুল বাছিত মিয়ার এই উদ্যোগকে জকিগঞ্জবাসী অত্যন্ত দূরদর্শী ও মহতী কাজ হিসেবে দেখছেন।


কেএন