ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’ বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়
প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৭:৫২:৪৬ অপরাহ্ন
বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর মুক্তির প্রায় ১৫ বছর পর এবার এর দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমার গল্পে কার জীবনের ছায়া থাকবে কিংবা আগের ছবির অভিনেত্রী বিদ্যা বালানকে আবারও দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেননি তিনি।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, দীর্ঘ বিরতির পর ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তার হাতে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সামনে তুলে ধরতে আগ্রহী। তবে সিনেমাটির অভিনয়শিল্পী, নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য কিংবা সম্ভাব্য মুক্তির তারিখ নিয়ে আপাতত কোনো ঘোষণা দেননি এই প্রযোজক।
নতুন সিনেমার গল্পে কে থাকছেন?
প্রথম সিনেমার প্রসঙ্গ তুলে একতা কাপুর বলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছিল। নিজের যৌনতা ও ব্যক্তিসত্তা নিয়ে স্বাধীনভাবে বাঁচার কারণে সমাজের সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
একতার মতে, সিল্ক স্মিতাকে কেবল একজন অসহায় নারী হিসেবে দেখলে তার ব্যক্তিত্বের প্রকৃত দিকটি বোঝা যাবে না। বরং নিজের পরিচয় ও যৌনতাকে সাহসের সঙ্গে প্রকাশ করার মধ্য দিয়ে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। প্রযোজকের ধারণা, চরিত্রটিকে এভাবে উপস্থাপন করাও সিনেমাটির সাফল্যের অন্যতম কারণ ছিল।
নতুন কিস্তিতেও কোনো একজন ব্যক্তির জীবনকে কেন্দ্র করে গল্প সাজানো হবে বলে জানিয়েছেন একতা। তবে সেই ব্যক্তি কে, তা এখনই প্রকাশ করতে চান না তিনি। ফলে সিনেমাটিতে কোন তারকার জীবনের গল্প উঠে আসবে এবং বিদ্যা বালান আবারও পর্দায় ফিরবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।
২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ পরিচালনা করেছিলেন মিলন লুথরিয়া। সিনেমাটিতে সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।
s /a