প্রধানমন্ত্রী তারেক রহমান
হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ ১৫০ থেকে ২৫০ টাকা করার ঘোষণা
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৬:৩৭:০০ অপরাহ্ন
সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য জনপ্রতি খাবারের বরাদ্দ বর্তমানে ১৭৫ টাকা। তবে ভ্যাট ও কর কাটার পর কার্যকর বরাদ্দ দাঁড়ায় প্রায় ১৪৯ থেকে ১৫০ টাকা। বর্তমান বাজারদরে এই অর্থ দিয়ে একজন রোগীর তিন বেলার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা কঠিন।
স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও জানান, প্রধানমন্ত্রী এক লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চলতি বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। বর্তমানে কর্মরত প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর সঙ্গে নতুন কর্মীরা যুক্ত হলে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রতিটি পরিবারের কাছে বছরে অন্তত তিন থেকে চারবার স্বাস্থ্যকর্মীদের পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তাঁরা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করবেন, যাতে রোগের প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত করা যায়। তাঁর মতে, অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে দেরিতে রোগ শনাক্ত হওয়া।
মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ. স. ম. মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেএন