প্রকাশিত

১৭/১১/২০২৫ ০৯:৫৩:২৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

বালাগঞ্জ থেকে চুরি হওয়া সিএনজি নেত্রকোনা থেকে উদ্ধার

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৯:৫৩:২৩ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের সুমি বেগম নামের এক মহিলার ১টি সিএনজি অটোরিক্সা গত ৬ জুলাই রাতে তার নিজ বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়। ওইরাতে সংঘবদ্ধ চোরের দল ওই গ্যারেজে থাকা ২টি সিএনজি অটোরিক্সা একসাথে বের করলেও ১টি সিএনজি অটোরিক্সা গ্যারেজ থেকে প্রায় অর্ধ কিলামিটার দূরে রাস্তার পাশে ফেলে যায়। সিএনজি অটোরিক্সা চুরি হওয়ার ঘটনায় প্রথমে বালাগঞ্জ থানায় জিডি ও পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তৎপর হয়ে ৪মাসের অধিক সময় পর চুরি হওয়া ওই সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

বালাগঞ্জ থানা পুলিশের দেওয়া প্রেসনোট সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১, ধারা ৩৭৯/৩৪। ওই মামলার জোরালো তদন্তে নামে পুলিশ। তদন্তে বালাগঞ্জ থানার এসআই সৌরভ সাহা ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন সোর্সের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রায় ৫৬ ঘন্টার অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এই অভিযানে চুরি হওয়া ২টি সিএনজি অটোরিক্সা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। ১৬ নভেম্বর সকালের দিকে উদ্ধার হওয়া ২টি সিএনজি অটোরিক্সাসহ আটকদেরকে বালাগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
আটকরা হলেন, নেত্রকোনার বারহাট্টা থানার ছিরাম গ্রামের আব্দুল আজিজ ও মনোয়ারা বেগম দম্পত্তির ছেলে আলামীন (৪০) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার হরিণাতলা গ্রামের শাহজাহান আলী ও জুবেদা বেগম দম্পত্তির ছেলে আব্দুল আজিজ (৩৪)।
বালাগঞ্জ থানার এসআই সৌরভ সাহা বলেন, আটকরা চুরি হওয়া সিএনজি অটোরিক্সা ক্রয় করায় তারা চুরির সাথে জড়িত থাকতে পারে এই সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। যথাযথ আইনি পক্রিয়া সম্পন্ন করে ১৬ নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চোর চক্র সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করা হবে। চুরির সাথে স্থানীয় যারা জড়িত আছে তারাসহ ওই চোর চক্রের সদস্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, উদ্ধার হওয়া রেজিস্ট্রেশন বিহিন ২টি সিএনজির মধ্যে ১টির মালিক সন্দেহজনক কয়েক জনের নামে মামলা করেছেন। অন্যটি সিলেট অঞ্চল থেকে চুরি হয়েছে, আমরা সেটির মালিকের সন্ধান করছি।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় লোক জড়িত আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমকে