প্রকাশিত

১৮/১১/২০২৫ ০১:৫৭:৩৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

র‌্যাবের অভিযানে দুই ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০১:৫৭:৩৮ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক দুইটি ধর্ষণ মামলার আসামিকে দ্রুত সময়ে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এক ঘটনায় ৭২ ঘণ্টা এবং অন্যটিতে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই মাদক, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গি দমন, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো গুরুতর অপরাধ দমনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা বজায় রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ।
জানাযায়, হবিগঞ্জ সদর উপজেলার ঘোষপাড়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি রনদীর গোপ (৪৫)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ দল। গেল ১৩ নভেম্বর ঘটনার দিন ভুক্তভোগীর মা বাড়ি না থাকায় আসামি তাকে ইশারায় ডেকে বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে ইশারায় ঘটনাটি মাকে জানায় ভুক্তভোগী এবং আসামিকেও শনাক্ত করে।
ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়ার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে রনদীর গোপকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্য এক ঘটনায়, হবিগঞ্জের আজমেরীগঞ্জে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলার একমাত্র আসামি মো. মামুন মিয়া (২৮)–কে মৌলভীবাজারের রাজনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।
চার বছর ধরে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় ছিল মামুনের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। ৭ নভেম্বর ভুক্তভোগীর বাড়ি ফাঁকা পেয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। পরিবারের কাছে বিষয়টি জানালে ভুক্তভোগীর পিতা মামলা করেন।
মামলার পর র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ১৭ নভেম্বর টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। তাকে আজমেরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামীদের থানার হেফাজতে দেয়া হয়েছে, দেশে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাব-৯-এর অভিযান অব্যাহত রয়েছে।

শুভ প্রতিদিন/এমকে