প্রকাশিত

১৮/১১/২০২৫ ০৫:৫৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

২৩ নভেম্বর সিলেটে দুর্নীতিবিরোধী গণশুনানি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৫:৫৮:০০ অপরাহ্ন

ছবি: দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট ।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে আগামী রবিবার (২৩ নভেম্বর) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতিবিরোধী গণশুনানি। সকাল ৯টায় রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হবে এ গণশুনানি। গণশুনানিতে সিলেটের বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এই গণশুনানিতে সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
গণশুনানিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট সূত্রে জানা যায়, গণশুনানিতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে পারবেন সেবা-প্রত্যাশী নাগরিকরা। আগামী ২১ নভেম্বর পর্যন্ত যে কেউ সরাসরি দুদকের সিলেট কার্যালয়ে, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অথবা রিকাবিবাজারে স্থাপিত অভিযোগ গ্রহণ বুথে গিয়ে অভিযোগ দাখিল করতে পারবেন।
দুদক জানায়, বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানি, অনিয়ম বা দুর্নীতির শিকার জনগণ সরাসরি কমিশনের সামনে তাদের অভিযোগ তুলে ধরতে পারবেন। অভিযোগ শুনে অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করা হবে।


শুভ প্রতিদিন/এমকে