ছবি: ।
ভূমিকম্পে নরসিংদীতে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ছেলে ওমরের (৯) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসকরা বাবা–ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার সকালে দেলোয়ারসহ তার দুই মেয়ে ও এক ছেলে গুরুতর আহত হন। তাদের প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন ডাক্তার। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান। তিনি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
শুভ প্রতিদিন/এমকে