পর্যটন সাংবাদিকতার উন্নয়নে শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের কর্মশালা
প্রকাশিত: ২২/১১/২০২৫ ০২:৩৫:৩৯ অপরাহ্ন
ছবি: ।
পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘পর্যটন সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক কর্মশালা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বোর্ডের উপপরিচালক মহিবুল ইলাম, শ্রীমঙ্গলের এসিল্যান্ড মুহিবুল্লাহ আকনসহ স্থানীয় সংবাদকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সালেহা বিনতে সিরাজ বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এখানকার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পজিটিভ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, হাওর-বাঁওড়সহ প্রকৃতির অপার সৌন্দর্যকে সাংবাদিকরা সঠিকভাবে তুলে ধরলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিমান ও পর্যটন সাংবাদিকদের সংগঠন এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার।
তিনি শ্রীমঙ্গলের অপার সম্ভাবনা তুলে ধরে বলেন, পর্যটকদের নিরুৎসাহিত করতে পারে এমন সংবাদ প্রকাশে সাংবাদিকদের অধিক সতর্কতা অবলম্বন করা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন অংশীজনরা অংশ নেন।
শুভ প্রতিদিন/এমকে