প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৫:০৫:২৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৫:০৫:২৮ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।
শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে ওই বিরোধের জের ধরে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর—পৈলারকান্দি সড়কের কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

শুভ প্রতিদিন/এমকে