প্রকাশিত

২৪/১১/২০২৫ ১২:২৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বানিয়াচংয়ে সেচ প্রকল্পের টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, আহত ২

প্রকাশিত: ২৪/১১/২০২৫ ১২:২৫:০০ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর গ্যানিংগঞ্জ বাজারে সেচ প্রকল্পের অর্থ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে গ্যানিংগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলা সদরের মিয়াখানী ডাক্তার বাড়ির মুঞ্জুর আলীর ছেলে ছায়েব আলী (৫২) ও ফুরুক আলীর ছেলে তার চাচাতো ভাই, ব্রিটিশ নাগরিক রাহিম আলী (২৮)।
এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন উপজেলার ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে গ্যানিংগঞ্জ বাজারের পূবালী ব্যাংকের সামনে হঠাৎ আলমগীর মিয়া ছায়েব আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রাহিম আলীকেও ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ছায়েব আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাহিম আলী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজনরা জানান, স্থানীয় ইমরুল ইসলাম, হাসান মিয়া, বাবুল মিয়া, মোহাম্মদ আলী ও আলমগীরকে সঙ্গে নিয়ে তারা একটি সেচ প্রকল্প চালু করেছিলেন। কিন্তু প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরই প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
স্বজনারা জানান, ৫ আগস্টের পর থেকে হাসিদ ডাক্তারের ছেলে আলমগীর এলাকায় বিএনপির প্রভাব বিস্তার করে সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে এবং সে সুদের কারবারি হিসেবেও এলাকায় বেশ পরিচিত।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুভ প্রতিদিন/এমকে