ছবি: ।
#প্রশাসক চাইলে নির্বাচন দিতে পারেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা টানাপড়েন, এতে ভোট গ্রহণে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাইকোর্ট নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করে ভোট গ্রহণের নির্দেশ দিলেও জেলা প্রশাসন ও চেম্বার প্রশাসক এখনো নির্বাচন আয়োজন করতে পারেননি। ফলে দুই প্যানেলের প্রার্থীরা নির্বাচন চাইলে আরেক পক্ষের ‘ষড়যন্ত্র’ ও প্রশাসনের ‘খামখেয়ালি’ এই দুইয়ের মাঝে আটকে রয়েছে বহু ব্যবসায়ীর স্বার্থ, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমও। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফশিল অনুযায়ী গত ১ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও ভোটার তালিকায় অসংগতির অভিযোগ ওঠায় নির্বাচন স্থগিত করে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৬ অক্টোবর বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়-ভোটার তালিকা পুনরায় যাচাই-বাছাই করে নতুন তফশিল ঘোষণা করতে হবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী ফালাউদ্দিন আলী আহমদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট রিটটি আমলে নিয়ে ২৯ অক্টোবর নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করেন এবং আগের তফশিল অনুযায়ী ভোটগ্রহণের নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশের পরও প্রায় এক মাস পার হয়ে গেলেও নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জেলা প্রশাসন ও চেম্বার প্রশাসন। ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। চেম্বার নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন-একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া ভেস্তে দিতে চায়। তাদের লক্ষ্য ভোট ছাড়াই বিজয়ী হওয়া। ব্যবসায়ী মহলের আরও বৃহত্তর অংশ মনে করেন, চেম্বারের প্রশাসনিক পক্ষ এবং জেলা প্রশাসনের গড়িমসির কারণেই নির্বাচন আর এগোচ্ছে না। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে দুইটি প্যানেলই নির্বাচন চায়-এ বিষয়টি তারা একাধিকবার স্পষ্ট করেছে। স্থগিতাদেশের পর উভয় পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করে নির্ধারিত তারিখেই নির্বাচনের দাবি তোলে। নির্ধারিত ভোটের তারিখ পেরিয়ে যাওয়ার পর ৫ নভেম্বর ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানান। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, নির্বাচনে দুই প্যানেলের মোট ৪৭ জন প্রার্থী বৈধ মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। চেম্বারের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭১ জন। এ বিষয়ে ব্যবসায়ী ফোরামের সভাপতি প্রার্থী এহতেশামুল হক চৌধুরী শুভ প্রতিদিনকে বলেন, নির্বাচন না হওয়ায় প্রতিদিনই স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুই প্যানেলই নির্বাচন চায়। কিন্তু আরেকটি পক্ষ রয়েছে যারা ভোটে আসার সাহস পাচ্ছে না। তাই তারা নির্বাচন বানচাল করতে চাইছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসনই ভোটার তালিকা যাচাই-বাছাই করেছে। তাই ভোটার তালিকায় অসংগতি আছে, এমন অভিযোগ তাদের নিজেদের উপরই আসে। এরপরও প্রশাসন নির্বাচন দিচ্ছে না। মনে হচ্ছে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে চাইছে না। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদও একই কথা বলেন। তিনি বলেন, জেলা প্রশাসন ও চেম্বারের প্রশাসক চাইলে নির্বাচন দিতে পারতেন। হাইকোর্টের নির্দেশনা তাদের কাছে পাঠানো হয়েছে। তবুও প্রশাসন নানা জটিলতার কথা বলে নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তিনি বলেন, প্রশাসন তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্বাচন আয়োজন করতে পারছে না। আর নির্বাচন না হওয়ার ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। অনেকের ব্যাবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, হাইকোর্টের যে নথি রয়েছে তা চেম্বারের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। উনার কাছেও হাইকোর্টের নথি রয়েছে। এদিকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, আমরা এখনও হাইকোর্টের অফিসিয়াল সার্টিফাইড কপি পাইনি। তিনি বলেন, একটা নথি পেয়েছি, কিন্তু সেটির ভিত্তিতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সার্টিফাইড নথি পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আসে, তাও অনুসরণ করা হবে। তাই নির্বাচন কবে হবে এ মুহূর্তে বলা যাচ্ছে না।
#হাইকোর্টের অফিসিয়াল সার্টিফাইড কপি আসেনি
শুভ প্রতিদিন/এমকে