প্রকাশিত

২৯/১১/২০২৫ ০২:৫১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের অপরিসীম সম্ভাবনাকে পূর্ববর্তী নেতৃত্ব কাজে লাগাতে ব্যর্থ হয়েছে : ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০২:৫১:০০ অপরাহ্ন

ছবি: ।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, স্বাধীনতার পর ৫৪ বছরে বহু শাসক এসেছে, অসংখ্য নেতা নির্বাচিত হয়েছেন, কিন্তু এই অঞ্চলের প্রকৃত মুক্তি আর উন্নয়ন আজও আসেনি। সিলেটের অপরিসীম সম্ভাবনাকে পূর্ববর্তী নেতৃত্ব কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা মানুষের অধিকার নিশ্চিত করবে, সিলেটকে সন্ত্রাসমুক্ত করবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।
শনিবার (২৯ নভেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জের টুকের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ও যুব সমাজে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাদা পাথর অবারিত সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। এই সম্পদকেই সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এমনকি সাদা পাথরের অর্থনৈতিক সম্ভাবনাকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে পারলে শুধু এই সম্পদ দিয়েই বাংলাদেশ রাষ্ট্রকে চালানো সম্ভব। তিনি বলেন, তুরস্কের ইস্তাম্বুল আজ বিশ্বে পর্যটনের স্বর্গ। ঠিক তেমনি আমাদের সাদা পাথর, জাফলং ও আশপাশের সব পর্যটন অঞ্চল বিশ্বব্যাপী ব্র্যান্ড হয়ে উঠতে পারে, যদি সঠিক নেতৃত্ব পাওয়া যায়।
ভিপি সাদিক কায়েম বলেন, ৫৪ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। দেশটির সবচেয়ে মেধাবী প্রজন্ম আজ সঠিক পরিচর্যার অভাবে পিছিয়ে পড়ছে। শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া এ প্রজন্মকে তৈরি করা সম্ভব নয়। ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার প্রতিনিধিরা নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিটি প্রতিষ্ঠানের অবকাঠামো শক্তিশালী করতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, অতীতে দেশে অবিচার হয়েছে, ফ্যাসিবাদী আমলে খুন, গুম, নির্যাতন-সবকিছুই ঘটেছে। মানুষের অধিকার হরণ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখানো হয়েছে। এই অবিচারের যুগ শেষ করতে হবে জনগণের শক্তিতেই।
এর আগে গণজমায়েতের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুভ প্রতিদিন/এমকে