প্রকাশিত

০২/১২/২০২৫ ০১:২০:১৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

কানাইঘাটে ছয়ফুল হত্যা: নেপথ্যে ‘ইয়াবা বিক্রির ভাগ-বাটোয়ারা’

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০১:২০:১৬ অপরাহ্ন

ছবি: ।

ইয়াবা বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে গত রোববার সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে খুটিতে বেঁধে ছয়ফুল (১৯) কে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকাজুড়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো ঘাতককে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ছয়ফুল হত্যাকাণ্ডের পরদিন সোমবার (১ ডিসেম্বর) সকালে তার স্বজনরা ও সংঘবদ্ধ চোরাকারবারীরা অভিযুক্ত হত্যাকারী সাকিল আহমদের বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় সাকিল আহমদের পিতা আব্দুল হান্নান হানাইকে আটক করে থানা পুলিশে দিয়েছেন তারা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাইপথে আনা ইয়াবা বিক্রির ২ লক্ষ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার পুত্র ছয়ফুল ইসলাম ও একই গ্রামের আব্দুল হানাইর ছেলে সাকিল আহমদ ও তাদের সহযোগী সুমন আহমদ একই সাথে দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য (ইয়াবা) সহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য দেশে এনে বিক্রি করত।
সম্প্রতি ইয়াবা বিক্রির ২ লক্ষ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ছয়ফুল ইসলামের সাথে সাকিল আহমদ ও সুমন আহমদের বিরোধ দেখা দেয়। এর জেরে গতকাল রোববার সন্ধ্যার দিকে ছয়ফুলকে বাড়ির সামনে থেকে ধরে এনে সাকিলের বাড়ির বারান্দার একটি খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখে সাকিল আহমদ ও সুমন আহমদ। এসময় টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সাকিল ও সুমন ধারালো দা দিয়ে ছয়ফুলের মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ছয়ফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কানাইঘাট থানা পুলিশ হাসপাতাল থেকে ছয়ফুলের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, ছয়ফুল হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তার করতে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে। হত্যাকারী সাকিল আহমদের পিতাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুভ প্রতিদিন/এমকে