ছবি: ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্যই আজ বিভাগীয় পর্যায়ে শেষ সমাবেশে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছি। এই সমাবেশ প্রমাণ করেছে-বাংলাদেশের মানুষ আমাদের দাবির পক্ষেই রয়েছে।
শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্ট হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হলো। অনেকেই চক্ষু হারালো, পঙ্গু হলো। সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর ঘুমের পর আর ফেরা হয়নি-হয়ত আর কখনোই হবে না। আজ দুঃখের বিষয়-জাহান্নামের আগুন যেমন নিজের আগুনেই পোড়ে, ঠিক তেমনই যারা ৫৩ বছর আমাদের জিম্মি করে রেখেছিল, আজ তারা নিজেরাই নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত।
তিনি আরও বলেন, দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে। কিন্তু আমরা আজও দেখি-সংস্কারে বাধা, বিচারে বাধা, নির্বাচনে বাধা।
চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য পাগল হয়েছিল-তারা এখন দেখছে, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে নেই, জালেমদের পক্ষে নেই। তাই আজ তারা পাগল হয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই-রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনা বামে চলে যায়। যত শয়তানি পরিকল্পনা করবে, ততই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে।
তিনি আরও বলেন, আসুন-আমরা দেশপ্রেমিকরা এক হয়ে যাই। ক্ষমতা প্রেমি, চালবাজ, বিদেশি শক্তির দালাল যারা-তাদের সবাইকে ‘না’ বলতে হবে। তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে।
শুভ প্রতিদিন/এমকে