প্রকাশিত

০৭/১২/২০২৫ ০৭:৪৭:৪৫ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সুনামগঞ্জে বাউল কামাল পাশার জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৭:৪৭:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জে বাউল কামাল পাশার জন্মবার্ষিকী পালিত

সুনামগঞ্জে গানে গানে বাউল কামাল পাশার (কামাল উদ্দিন) ১২৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এ আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সভাপতি মো. সেলিম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলালের পরিচালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ২৪ এর জুলাই যোদ্ধা মো. জহুর আলী, সাংবাদিক মো. হাসান চৌধুরী, সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন,বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের জেলা কমিটির আহ্বায়ক গীতিকবি নজরুল ইসলাম, প্রবীণ গীতিকার আব্দুল আজিজ চৌধুরী, বাউল দলের সাবেক আহ্বায়ক বাউল আশরাফ আলী মোড়ল, সুরমা ইউপি সদস্যা তানজিনা বেগম ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গীতিকার নির্মল কর জনি প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী আব্দুল রব আব্দুল্লাহ, যোবায়ের বখত সেবুল, বাউল আইন উদ্দিন, শফিক মিয়া ও সাদিক খানসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি বাউলকবি কামাল পাশা। বৃহত্তর সিলেট অঞ্চলে বৃটিশ আমলে পালা গানের প্রবক্তা ও মালজুড়া গানে অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় ১৯৬৪ সালে সুনামগঞ্জ আর্টস কাউন্সিল ও মহকুমা প্রশাসন কর্তৃক তিনি গানের সম্রাট উপাধিতে ভূষিত হন। গত সরকারের শাসনামলে জেলা প্রশাসন এই লোকায়িত কবি প্রতিভাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য একাধারে ৯ বার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার জন্য ৫ বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি।
বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংস্কারের পক্ষে শুদ্ধ সংগীত রচয়িতা বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement