সাদাপাথর লুটপাট, অভিযুক্তদের স্থাবর সম্পদের খোঁজে নেমেছে দুদক
প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৬:০৩:১২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্তদের স্থাবর সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লুটপাট–সংশ্লিষ্টদের সম্পদের তথ্য সংগ্রহে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম। জানা যায়, ২৫ নভেম্বর ইস্যু করা চিঠিটি পাঠানো হয়েছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর। এতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত হওয়া সভাপতি মো. সাহাব উদ্দিন এবং কোম্পানীগঞ্জের তেলিখাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবদুল ওদুদ আলফু মিয়ার নগর এলাকায় থাকা স্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অসাধু যোগসাজশে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অভিযুক্তদের নামে থাকা জমি–বাড়িসহ স্থাবর সম্পদের তথ্য পর্যালোচনা করা জরুরি।
দুদকের চিঠি সম্পর্কে জানতে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, দুদকের এ–সংক্রান্ত চিঠির বিষয়টি তাঁর জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, চিঠি ইস্যুর বিষয়টি তিনি জানেন না। সাদাপাথর লুটের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, কেন তাঁকে এ ঘটনায় জড়ানো হচ্ছে—তা তাঁর জানা নেই, এটি ‘মিথ্যা অভিযোগ’।
দুদকের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সাদাপাথর লুটপাটের পর থেকেই লুটে জড়িতদের শনাক্ত করতে দুদক ব্যাপক অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করছে। এর ধারাবাহিকতায় এখন অভিযুক্তদের স্থাবর সম্পদের খোঁজ নেওয়া হচ্ছে। তিনজন ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখ থাকলেও আরও অনেকের ব্যাপারে বিভিন্ন দপ্তরকে একইভাবে তথ্য দিতে বলা হয়েছে। স্থাবর সম্পদসহ সব তথ্য মিলিয়ে যাচাই করে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩ সেপ্টেম্বর দুদক জানায়, ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থার সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। উপপরিচালক মো. রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে। এর আগে গত ১৩ আগস্ট দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভোলাগঞ্জ এলাকায় এনফোর্সমেন্ট অভিযান চালায় এবং সেখানে পাওয়া সব তথ্য প্রতিবেদনের মাধ্যমে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা ছিল। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির নিষ্ক্রিয়তা এবং সহযোগিতার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, দায়িত্ব ও গাফিলতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ক্রমানুসারে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি), স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, রাজনীতিবিদ এবং অন্যান্যদের সংশ্লিষ্টতা উল্লেখ করা হয়।
এদিকে সাদাপাথর লুটের ঘটনায় গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির স্থগিত হওয়া সভাপতি মো. সাহাব উদ্দিনকে র্যাব-৯ গ্রেপ্তার করে—যিনি পরে জামিনে মুক্তি পান। ৪ অক্টোবর গ্রেপ্তার হন তেলিখাল ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল ওদুদ আলফু মিয়া।
শুভ প্রতিদিন/এমকে