নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৮:০৯:০৭ অপরাহ্ন
ছবি: ।
সিলেট–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির টানা কয়েক দিন ধরে সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রতিনিয়তই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সোমবার দিনভর তিনি জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাকলী, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ডসহ এলাকার বিভিন্ন বিপণিবিতানে প্রচার চালান। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও তাঁর সঙ্গে ছিলেন।
গণসংযোগে খন্দকার মুক্তাদির বলেন, ‘আপনাদের মূল্যবান রায়ে আমাকে নির্বাচিত করলে সিলেটকে আরও ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তুলব। প্রবাসী অধ্যুষিত সিলেটে এখনো মিল–কলকারখানা গড়ে ওঠেনি—এটা দুঃখজনক। আমরা প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দিয়ে সরকারি সহায়তায় শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেব।’ এতে কর্মসংস্থান সৃষ্টি ও সিলেটের অর্থনীতির প্রসার ঘটবে বলে মন্তব্য করেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি জালালাবাদ আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর এবং পীরমহল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়াও জিন্দাবাজার এলাকা ও মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার মুক্তাদির। এসব অনুষ্ঠানে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বদরুদ্দোজা বদর, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল রহমান রিপন, লল্লিক আহমদ চৌধুরী প্রমুখ।
শুভ প্রতিদিন/এমকে