প্রকাশিত

২৪/০৫/২০১৯ ০৩:০৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিশ্বম্ভরপুরে স্কুলছাত্রীকে অপহরণ

প্রকাশিত: ২৪/০৫/২০১৯ ০৩:০৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২০১৯ সালের ২৩ মে সকালে জনতা বাজার পয়েন্ট ও জনতা বাজার মসজিদের মধ্যবর্তী পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগকারী প্রনব দেবনাথের দাবি, ভুক্তভোগী পাপ্পি রানী নাগ (১৪) পলাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। সে প্রতিদিন বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করত।


অভিযোগে বলা হয়, অভিযুক্ত তারেক রহমান আগে ওই ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না দেওয়ায় তিনি ও তাঁর সহযোগীরা ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে অভিযোগকারী কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের সতর্ক করেন এবং তাঁদের পরিবারকেও জানান। তবে এরপরও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।


অভিযোগকারী জানান, ২৩ মে সকাল ৮টার দিকে পলাশ বাজারসংলগ্ন পুকুরপাড় এলাকায় প্রাইভেট পড়তে যায় পাপ্পি। পড়া শেষে বাড়ি ফেরার পথে সকাল আনুমানিক ১০টার দিকে জনতা বাজার পয়েন্ট এলাকায় পৌঁছালে আগে থেকে অপেক্ষমাণ একটি সিএনজিতে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, ঘটনাটি কাছের একটি মুদি দোকান থেকে অরবিন্দু দেবনাথ দেখতে পান। পরে তিনি অভিযোগকারীকে বিষয়টি জানান। এরপর অভিযোগকারী ও স্বজনরা অভিযুক্তের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছাত্রীকে পাননি বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় তারেক রহমানসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

শুভ প্রতিদিন/