ছবি: ।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের দূরত্ব পুনর্নির্ধারণের ফলে সিলেট রুটসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাঞ্চলের বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন ‘পয়েন্ট চার্জ’ আরোপ করা হয়েছে। এ কারণে রুটভেদে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বাড়ছে। এতে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিদ্যমান ভাড়ার মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে।
ঢাকা–সিলেট–ঢাকা বিরতিযুক্ত আন্তঃনগর রুটে দূরত্ব ৩১৯ কিলোমিটার থেকে সংশোধন করে ৩৫০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এর ফলে শোভন চেয়ারের ভাড়া ৩৭৫ টাকা থেকে বেড়ে ৪১০ টাকা হয়েছে।
প্রথম সিট ৫৭৫ টাকা থেকে ৬৩৩ টাকা, এসি চেয়ার ৭১৯ টাকা থেকে ৭৮৮ টাকা, এসি সিট ৮৬৩ টাকা থেকে ৯৪৩ টাকা এবং এসি বার্থ ১ হাজার ৩৩৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৬৫ টাকা করা হয়েছে।
ঢাকা–চট্টগ্রাম রুটেও দূরত্ব ও পয়েন্ট চার্জ সমন্বয়ের কারণে ভাড়া বেড়েছে। ৩৪৬ কিলোমিটার দূরত্ব বাড়িয়ে ৩৮১ কিলোমিটার করা হয়েছে। শোভন চেয়ার থেকে শুরু করে এসি বার্থ সব শ্রেণিতেই ৪০–১৫০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে।
শুভ প্রতিদিন/এমকে