আনসার সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে সশস্ত্র অবস্থান করবে : মহাপরিচালক
আনসার সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে সশস্ত্র অবস্থান করবে : মহাপরিচালক
প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৫:৫৩:০০ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপদ ভোট প্রদানের জন্য সিলেটের সকল কেন্দ্রের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেছেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করা বা বেআইনি কার্যকলাপ করার সুযোগ দেওয়া হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা হবে, যার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তারসহ সিলেট জেলার সকল উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা।
উল্লেখ্য, সিলেট জেলার ১৩টি উপজেলার ১,০১৬টি ভোটকেন্দ্রে মোট ১৩,২০৮ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনী নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত থাকবেন। সারাদেশে মোট ৪২,৭৭৯টি কেন্দ্রে ৫,৫৬,১২৭ জন আনসার-ভিডিপি সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবে।
এইচ বি বা