প্রকাশিত

০৪/১১/২০২৬ ০৮:৩১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

আহত নারীসহ ৪০

দিরাইয়ে প্রেমিক যুগল পালানোর জেরে দুই গ্রামে রণক্ষেত্র

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০৮:৩১:০০ অপরাহ্ন

দিরাইয়ে প্রেমিক যুগল পালানোর জেরে দুই গ্রামে রণক্ষেত্র

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম ও পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জান। 

গুরুতর আহত মাটিয়াপুর গ্রামের জাকারিয়া (১৮), রিপা বেগম (১৯), মাহি সর্দার (২০) ও হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬৩), রহিম উদ্দিন (৭৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনি রানী তালুকদার। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সঙ্গে প্রতিবেশী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মাটিয়াপুর গ্রামের রমজান মিয়ার সঙ্গে হলিমপুরের ওই কিশোরী মেয়ে পালিয়ে যায়।

পরদিন বুধবার দুপুরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের লক্ষ্যে বিয়ের প্রস্তুতি ও আলোচনার জন্য উভয় পক্ষের স্বজন ও স্থানীয় মুরব্বিরা একসঙ্গে বসেন। বৈঠক চলাকালীন বিয়ের কাবিনের টাকার পরিমাণ নির্ধারণ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

কেএন