সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ
প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০২:২৯:০৯ অপরাহ্ন
ছবি: ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) কর্তৃক শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমান ভিসি ড. মো. আলিমুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনি পরিস্থিতির সুযোগে অযোগ্য প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দেওয়া এবং কিছু শিক্ষককে ইচ্ছাকৃতভাবে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে অসন্তোষ বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
এ প্রসঙ্গে কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক ও মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবালসহ কয়েকজন শিক্ষক ভিসির সঙ্গে দেখা করতে গেলে অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে অভিযোগ করেন।
অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, আমরা বিষয়গুলো নিয়ে ভিসির কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভিসির ইঙ্গিতে প্রক্টর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ আমাদের ওপর আক্রমণ করেন। আমাদের লাঠি, কিল-ঘুসি মারা হয়। এতে জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে জানতে ভিসি, প্রক্টর ও ভিসির ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শুভ প্রতিদিন/এমকে