শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৮:০৪:১৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের' সাথে বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিষয়ক সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটির' নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চোখ ফিল্ম সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি মো. আসিফ রাইয়ান ও সাধারণ সম্পাদক অমিয়।
চোখ ফিল্ম সোসাইটির সভাপতি মো. আসিফ রাইয়ান বলেন, “ক্যাম্পাসে সুস্থ ধারার চলচ্চিত্র চর্চা ও সৃজনশীল সংস্কৃতি বিকাশে চোখ ফিল্ম সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন কমিটির আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য।”
এ সময় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো সংগঠন চোখ ফিল্ম সোসাইটি। সংগঠনটি বিভিন্ন ভাবে ক্যাম্পাসকে প্রতিনিধিত্ব করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক ও সৃজনশীল যেকোনো উদ্যোগে শাবি প্রেসক্লাব সবসময় পাশে থাকবে।”
মতবিনিময় সভায় চোখ ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরাফাত আফতাব, কোষাধ্যক্ষ তানভির হাসান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রোডাকশন সম্পাদক মো. রবিন মিয়া, কার্যকরী সদস্য তাহশিক উল হক, নীলকন্ঠ দাস ও সিরাত সীমান্ত।
অন্যদিকে, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য মো. ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেএন



