প্রকাশিত

০৬/১১/২০২৫ ০৭:৫৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নির্বাচনি প্রচারণায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে : পুলিশ কমিশনার

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৭:৫৪:০০ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিং-এ এসব উদ্যোগের কথা জানান এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশ কমিশনার বলেন, নির্বাচনি প্রচারণা চলাকালীন আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। প্রথমত, সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তাঝুঁকি বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষণের ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক কর্মকাণ্ড যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নাশকতা না ঘটে, সেজন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই প্রতিটি রাজনৈতিক সভা বা সমাবেশ সম্পূর্ণ নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আসুক। এতে নেতাকর্মী, সমর্থক ও উপস্থিত সাধারণ জনগণ সবাই আশ্বস্ত থাকবেন। এজন্য পরবর্তী কর্মসূচিগুলোকে নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনা হবে।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের নিরাপত্তাসংক্রান্ত প্রশিক্ষণ ও ব্রিফিং দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমাদের পুলিশের পাশাপাশি যদি প্রতিটি দলের কিছু প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক থাকে, তাহলে নিরাপত্তার দ্বিতীয় স্তর তৈরি হবে। এতে নির্বাচনি পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর হবে।


শুভ প্রতিদিন/এমকে