প্রকাশিত

০৬/১১/২০২৫ ০৮:০৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জ স্বরুপ : জামায়াত আমির

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৮:০৮:০০ অপরাহ্ন

ছবি: ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জ স্বরুপ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে।
তিনি বলেন, শুধু তাই নয়, জনগণের রায়ে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমুহ ভোগ করবে। ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট-৪, ৫ ও ৬নং সংসদীয় আসনের জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, আগামী নির্বাচনে অনেক বাঁধা আসতে পারে। কিন্তু বাঁধা দেখলে ঘাবড়ালে চলবেনা। কারণ আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাবো। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে। দায়িত্ব নিয়ে কাজ করবে। সেজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।
তিনি বলেন, অতীতের শাসকবর্গ দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষন করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। অথচ বিগত চারদলীয় জোট সরকারের আমলে আমাদের দুই মন্ত্রী সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি তাদের স্পর্শ করতে পারেনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহর উপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করে সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবেনা। কেউ কোন ভূল করে থাকলে নিঃসংকোচে সরি বলুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে।
কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারী মাশুক আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
সম্মেলনে সংশ্লিষ্ট আসনের অন্তর্ভুক্ত উপজেলা ও পৌরসভার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীবৃন্দ ছাড়াও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শুভ প্রতিদিন/এমকে