ছবি: ।
সিলেটে ‘জয় বাংলা’স্লোগানে ঝটিকা মিছিল করেছে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশের নেতৃত্ব একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশ নেওয়া দুই-তিনজন নেতাকর্মী ছাড়া প্রায় বাকি সবার মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট পড়া ছিল।
ভিডিওটিতে দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। মিছিলে প্রায় ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নেন। এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব, অথচ নিষিদ্ধ সংগঠনের এমন অবাধ কার্যক্রম অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও লেখেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানাতে চাই—নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে; অন্যথায়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।’
এ বিষয়ে সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন,‘নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিল-মিটিংসহ সকল কার্যক্রমও নিষিদ্ধ। ভিডিওটি আমাদের নজরে এসেছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শুভ প্রতিদিন/এমকে