ছবি: ।
সিলেটে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন ২০২৫। শনিবার (৮ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী।
সম্মেলনে সিলেটের বিচার বিভাগের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট জজশীপের দেওয়ানী আদালতে ৩৬২৩টি মামলা দায়ের হয়, যার বিপরীতে ৩৭৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ১০৫ শতাংশ—যা একটি ইতিবাচক অগ্রগতি।
অন্যদিকে, ফৌজদারী আদালতে ৩৪৭৫টি মামলা দায়ের হয় এবং ২৮৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে। দায়েরের তুলনায় নিষ্পত্তির হার ছিল ৮২ শতাংশ। এর মধ্যে সাজার হার ৬০ শতাংশ এবং খালাসের হার ৪০ শতাংশ।
এছাড়া সিলেট জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১১২টি বিরোধ সফলভাবে মীমাংসাচুক্তি সম্পাদিত হয়। মধ্যস্থতার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ৬৭ লাখ ৯৩ হাজার ১২০ টাকা।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল, এবং জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ প্রমুখ।
শুভ প্রতিদিন/এমকে