সংসদের নারী আসন: তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার স্থগিত
সংসদের নারী আসন: তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার স্থগিত
প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৬:৪৪:৫১ অপরাহ্ন
ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) মনোনয়ন পাওয়া মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে একই দলের অন্য প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্ন দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা এই পদে বহাল থাকার সুযোগ নেই। এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দিয়েছিলেন। বছরখানেক চাকরি করার পর গত বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে তিনি চাকরি ছেড়ে দেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মনিরা শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই মনিরা শারমিন কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন। ফলে তিন বছরের বাধ্যবাধকতার বিষয়টি মনিরা শারমিনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়। এদিকে এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার নির্ধারিত সময়ের পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দেওয়া হলেও তা আর আমলে নেয় নি রিটার্নিং অফিসার। উল্লেখ্য, সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। জামায়াত জোটের যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পরে সাংবাদিকদের জানান, ‘আমাদের জোটের ১২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে, এনসিপির মনিরা শারমিনের একটি মনোনয়নপত্রের বিষয়ে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন করা হবে।’ বৃহস্পতিবার জোটের এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করেন তিনি। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১ টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর ও তার জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত আটজন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মাকে। বৃহস্পতিবার বিএনপি’র ৩৬টি আসনের প্রার্থীদের এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলবে।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংসঠন ইসলামী ছাত্রীসংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
এইচ বি বা