আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্বিস
সিলেটে ফিজা টাওয়ারে অগ্নিকান্ড
প্রকাশিত: ১০/১০/২০২৬ ০৬:১০:১২ অপরাহ্ন
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা টাওয়ারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বহুতল এই কারখানার পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, বিকেলে হঠাৎ করেই ফিজা টাওয়ারের পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিলেট স্টেশন ও আলমপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় সোয়া এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই বহুতল ভবনটির ভেতরে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনার কাজ শুরু হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত সাড়াদানের কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেএন