প্রকাশিত

২৫/০৪/২০২৬ ০৩:৫৩:৪৬ অপরাহ্ন

জাতীয়

পেট্রোল পাম্পে জামায়াত এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

পেট্রোল পাম্পে জামায়াত এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৩:৫৩:৪৬ অপরাহ্ন

ছবি: ।

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়ি ভাংচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।


শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।


জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে সংসদ সদস্য মাছুম মোস্তফা একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে গিরিপথ ফিলিং স্টেশনে যান। পরে পাম্পের মালিক মো. কামালের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সেখানে একটি কক্ষে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর ১৫টির মতো মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান। এ সময় তারা সেখানে হট্টগোল সৃষ্টি করেন। একপর্যায়ে তারা সংসদ সদস্যের গাড়িটিতে ভাঙচুর চালান। এ সময় মাছুম মোস্তফা নামাজ শেষ করে ঘর থেকে বের হলে বিক্ষুব্ধ যুবকেরা তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন।


ঘটনার সময় ফিলিং স্টেশনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। তারা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ সংসদ সদস্যকে সেখান থেকে উদ্ধার করে।


এ বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যকে পুলিশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।


এদিকে, এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের সভাপতি ও সেক্রেটারি বলেন, সংসদ সদস্য মাছুম মোস্তফা একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে হোগলা ইউনিয়ন থেকে ফিরছিলেন। পথে উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি রেখে মাগরিবের নামাজের জন্য স্থানীয় মসজিদে যান। এ সময় তার গাড়িতে শতাধিক লোক সন্ত্রাসী হামলা করে। পাশাপাশি মসজিদ ঘেরাও করে সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা লোকজনকে প্রায় ঘণ্টাব্যাপী আটক করে রাখা হয়।


তারা বলেন, সারা দেশে এখন একটি সংকট চলছে। এ সময় যারা এ হামলার ঘটনা ঘটিয়েছেন, তারা দেশের স্থিতিশীলতা চায় না। এ ঘটনায় আমরা পুরোনো ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যতায় এ ঘটনার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।


ওদিকে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার শামিল। পরিকল্পিতভাবে সংঘটিত এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।




এইচ বি বা