সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত: ২০/১১/২০২৬ ১০:৫৮:২৬ অপরাহ্ন
সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট দেওয়া হয় না এবং তাদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সন্ত্রাসীদের পাসপোর্টের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হ্যান্ডকাফের। কঠোর নজরদারির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।"
পলাতক অপরাধী ও সন্ত্রাসীদের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে হুমায়ুন কবির আরও বলেন, দেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না এবং পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরতে পারবে না। যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কে ইউ এন



