বিএনপিকে জামায়াত আমির
হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না
প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৪:২৬:৫৯ অপরাহ্ন
ছবি: ।
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন, আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে; বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত। আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন। শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বিএনপি গণভোটের রায় মানে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সংসদের ভেতরে সরকারি দল-বিরোধীদলের এমপিরা যখন কথা বলেন, তখন সবাই জুলাইযোদ্ধাদের কথা বলেন। কেউ শহীদ শরীফ ওসমান বিন হাদির কথাও বলেন। একটা ভোটের রায় বিএনপির পক্ষে গিয়েছে, সেখানে ৫১ শতাংশ ভোট তাদের পক্ষে পড়েছে—সেটা তারা মেনে নিয়েছেন। কিন্তু ৭০ শতাংশ গণভোটের পক্ষে পড়েছে। সেটা তারা মানেন না। তারা ৫১ শতাংশ মানেন, কিন্তু ৭০ শতাংশ মানেন না। এটা লজ্জা ও দুঃখজনক। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে, সেদিন দেশ থেকে সত্যিকারার্থে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় হবে। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ তাদের পোষ্য ও তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের প্রত্যেকটা জায়গায় তাদের কর্তৃত্ব কায়েম করেছিল, সে আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল বাহিনী এসে দাঁড়াতে পারেনি। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। তারা তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে। আমার বোধহয়, তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটাও তারা হারিয়ে ফেলেছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, প্রিয় বিএনপি, ভুলে যাবেন না। এই জুলাই না হলে—এই মায়েদের এই বাবাদের এই ভাইদের এই বোনদের—সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আপনারা ক্ষমতা ইনজয় করতে পারতেন না। এখন বসে সব ভুলে গেছেন।
এইচ বি বা