সিলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৫:০৭:০০ অপরাহ্ন
সিলেটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। সিলেট জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার ৭ নভেম্বর২০২৬ সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে দেশ আবার ১৫ আগস্টের আগের অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর পেছনে ফিরে যেতে চায়নি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রাখার আকাঙ্ক্ষা থেকেই সেদিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়েছিল।
তিনি আরো বলেন, ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন।
বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, সে সময় প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, অতিরিক্ত জনসংখ্যা ও বন্যাপ্রবণতার কারণে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অবমূল্যায়ন করা হতো এবং অনেকেই এ দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। সেই প্রতিকূল পরিস্থিতি থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল ৭ নভেম্বরের বিপ্লব।
দিবসটি উপলক্ষে সিলেট জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
এ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী,, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেএন