প্রকাশিত

০১/০৫/২০২৬ ০৭:২৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বরাম হাওরে কাস্তে হাতে ইউএনও: দুই অসহায় কৃষকের মুখে ফুটলো হাসি

বরাম হাওরে কাস্তে হাতে ইউএনও: দুই অসহায় কৃষকের মুখে ফুটলো হাসি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৭:২৯:০০ অপরাহ্ন

ছবি: ।

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বোরো ধান কাটার ভরা মৌসুমে যখন শ্রমিক সংকট আর বৈরী আবহাওয়ায় কৃষকের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ, তখন এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা প্রশাসন। ছুটির দিনের অলস সময় যাপন না করে কাস্তে হাতে হাওরে নেমে দরিদ্র ও অসহায় কৃষকের জমির ধান কেটে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার ও তার সহকর্মীরা।

​শুক্রবার (পহেলা মে) মে দিবস ও সরকারি ছুটির দিনে সকাল থেকেই উপজেলার বরাম হাওরের নরোত্তমপুর গ্রামের হাওরে এক উৎসবমুখর কিন্তু সেবামূলক পরিবেশের সৃষ্টি হয়। ইউএনও সঞ্জীব সরকারের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত হয়ে কৃষক লুৎফুর রহমান ও অসহায় কৃষাণী জোছনা বেগমের প্রায় ৪ কেদার জমির পাকা বোরো ধান কেটে দেন। প্রশাসনের কর্মকর্তাদের এমন অংশগ্রহণ দেখে হাওরের অন্যান্য কৃষকদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়।

​উপকারভোগী কৃষক লুৎফুর রহমান বলেন, "আমার জমির ধান প্রায় ১০ দিন আগেই পেকে গিয়েছিল। কিন্তু বর্তমানে শ্রমিকের যে চড়া মজুরি, তা দেওয়ার সামর্থ্য আমার নেই। চার শিশু সন্তান আর স্ত্রীকে নিয়ে আমার সংসার চালাতে হিমশিম খেতে হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমিই। ধান পেকে মাঠে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সময় ইউএনও সাহেব নিজে এসে ধান কেটে দিয়ে আমার ফসল রক্ষা করেছেন। আমি কখনও ভাবিনি বড় বড় অফিসাররা আমাদের মতো গরিবের ধান কেটে দেবেন।"আমার কৃতজ্ঞতা জানাইবার নাই।

​একইভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয় জীবনসংগ্রামী নারী জোছনা বেগমের প্রতি। বার বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর এক বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে ও দুই মেয়েকে নিয়ে শুরু হয় তার জীবনযুদ্ধ। খেয়ে-পরে বেঁচে থাকার তাগিদে এবার দেড় কেদার জমিতে ধান চাষ করেছিলেন তিনি। কিন্তু বৈরী আবহাওয়া আর চড়া মজুরির কারণে যখন তিনি দিশেহারা, তখন প্রতিবেশী লুৎফুর রহমানের ধান কাটার সংবাদ শুনে তিনি হাওরে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের করুন অবস্থার কথা তুলে ধরলে ইউএনও তার দল নিয়ে জোছনা বেগমের ধানও কেটে দেন।

​এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, সুনামগঞ্জ জেলার মধ্যে ধান উৎপাদনে দিরাই অন্যতম শীর্ষ এলাকা। এ বছর অতিবৃষ্টির ফলে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কৃষকরা ধান শুকানো নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমান সময়ে কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে শ্রমিক বা 'বেপারী'দের ওপর নির্ভরতা কমেছে, যার ফলে হঠাৎ কোনো প্রয়োজনে হাওরে তীব্র শ্রমিক সংকট দেখা দিচ্ছে। আমরা চেয়েছি এই সংকটে কৃষকের পাশে দাঁড়াতে। ​তিনি আরও বলেন, আমরা শুধু ধান কাটিনি, বরং সমাজের সামর্থ্যবান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একটি বার্তা দিতে চেয়েছি। আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে কৃষকের এই বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সবাই মিলে এগিয়ে এলে কৃষকের ঘাম ও শ্রমের ফসল নষ্ট হবে না।
​ধান কাটায় আরও অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা পরিসংখ্যান অফিসের তদন্ত অফিসার আইনুল হক এবং ইউএনও কার্যালয়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।



এইচ বি বা