প্রকাশিত

০৯/০৫/২০২৬ ০৩:৩৭:৪০ অপরাহ্ন

জাতীয়

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও ৫ মন্ত্রীর শপথ

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও ৫ মন্ত্রীর শপথ

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৩:৩৭:৪০ অপরাহ্ন

ছবি: ।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী । তার নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন।


গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়।


নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২০৭টি আসন পেয়েছে।


শুক্রবার দলের বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।


এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।


শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।


নতুন মন্ত্রিসভায় পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে এই পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় দুপুর ১২টার একটু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী মোদি এবং তাকে অভিনন্দন জানান।


অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁরা তিনজন হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।


রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। বাজানো হয় জাতীয় সংগীত।


আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে।


বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি প্রমুখ।


আরও ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কলকাতা আর দেশের বিশিষ্ট ব্যক্তিদের অনেকে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন। রাজ্যের সবগুলো জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরাও এসেছেন।


এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু।


রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এমন আলোচনা আগে থেকেই রাজনৈতিক মহলে চলছিল। বিজেপির জয়ের পর সেই জল্পনা হলো সত্যি।


শুক্রবার বিধায়ক দলের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সব প্রস্তাবেই একমাত্র নাম হিসেবে শুভেন্দুর নাম এসেছে। অন্য কোনো প্রার্থী সামনে আসেনি। এই কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।




এইচ বি বা