রামিসা হত্যাকাণ্ড
প্রধানমন্ত্রী বরাবর এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর চিঠি
প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৪:৪০:৫৩ অপরাহ্ন
ছবি: ।
মীরপুরের পল্লবীতে শিশু রামিসার পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ও কঠোর এই আনুষ্ঠানিক বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি আবেদনমূলক চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি ডাকযোগে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই খোলা চিঠি পাঠয়েছেন। চিঠিতে তিনি (মঞ্জু) প্রধানমন্ত্রীকে বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার অনুরোধ করেছেন। এর মাধ্যমে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের পাশাপাশি এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে ‘দল মত নির্বিশেষে রাষ্ট্র ঐক্যবদ্ধ’ বলে একটি কঠোর ও দৃঢ় বার্তা দেবে বলে তিনি (মঞ্জু) মনে করেন। চিঠিতে এবি পার্টির চেয়ারম্যান লিখেছেন- বরাবর, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়: শিশু রামিসা’র নৃশংস হত্যাকান্ডের মত চরম অমানবিক ঘটনাবলীর বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ সংহতি ও রাষ্ট্রের কঠোর অবস্থানের ঘোষণা প্রদানের বিনীত অনুরোধ। জনাব, সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। মীরপুরের পল্লবীতে শিশু রামিসা’র রোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের হৃদয়ের বিদীর্ণ অনুভূতি নিশ্চয়ই আপনাকেও যার পর নেই চিন্তিত ও ব্যথিত করেছে। পুলিশের দৃঢ় তৎপরতায় দ্রুততর সময়ে পাষণ্ড খুনী গ্রেফতার হওয়ায় জনমনের ক্ষোভ কিছুটা লাঘব হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে একই ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে যা খুবই উদ্বেগ ও হতাশাজনক। এই সামাজিক-নৈতিক ও মানবিক বিপর্যয় সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের দূর্বলতা ও ব্যর্থতার প্রকাশ বলে আমরা মনে করি। এমতাবস্থায় এ ধরনের পাশবিক হিংস্র কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানের বার্তা দেওয়া প্রয়োজন। তাই আমাদের বিশেষ অনুরোধ আপনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করুন। এই প্রতীকী সম্মিলিত সংহতি একটি কঠিন বার্তা দেবে যে, এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সবাই অর্থাৎ রাষ্ট্র ঐক্যবদ্ধ। এ ব্যাপারে আপনার সুবিবেচনা প্রসূত পদক্ষেপ গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিনীত মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
এইচ বি বা