প্রকাশিত

০৩/০৬/২০২৬ ০৪:৪০:২২ অপরাহ্ন

জাতীয়

ফুঁ দেওয়া ব্যক্তিটি একজন ডাক্তার

মন্ত্রীর চামচে ফুঁ দেওয়া ব্যক্তিটি একজন ডাক্তার

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৪:৪০:২২ অপরাহ্ন

ছবি: ।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৫ মে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের খাবার খেয়ে দেখতে রান্নাঘরে যান। তার সঙ্গে যান হাসপাতালের অনেক চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। সে সময় মন্ত্রী চামচে খাবার নিয়ে গরম চামচে ফুঁ দিচ্ছিলেন, ঠিক তখন পাশে থাকা আরেক ব্যক্তিও ওই চামচে ফুঁ দিতে থাকেন।


পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে সেই ব্যক্তির পরিচয় নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


জানা গেছে, তিনি ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ, যিনি বর্তমানে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন।


জানা গেছে, রান্না করা তরকারি গরম থাকায় মন্ত্রী যখন চামচে ফুঁ দিচ্ছিলেন, তখন তার পাশে থাকা ডা. রিয়াজও একই চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা। তার বড় ভাই একজন যুগ্মসচিব। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসা ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব পালনের পর আবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে আসেন।


পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই কমিটি স্থগিত রয়েছে।


এই ঘটনার বিষয়ে ডা. রিয়াজ বলেন, ‘বিষয়টি নিয়ে এত সমালোচনা হবে আমি ভাবিওনি। তবে মানুষ যেভাবে এটিকে প্রেজেন্ট করছে, আমি সেই উদ্দ্যেশ্যে চামচে ফুঁ দিইনি। মূলত মন্ত্রী মহোদয় যে খাবারটি চামচে নিয়েছেন সেটি খুবই গরম ছিল। তাই আমিও ফুঁ দিয়ে ঠান্ডা করতে চেষ্টা করছিলাম। তবে সেটা আমি আগে থেকে ভেবে করিনি।’




এইচ বি বা