ছবি: ।
১৪তম জাতীয় নারী ক্রিকেট লিগ ২০২৫–২৬ মৌসুমের নিজেতে তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে সিলেটের নারীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেএসপিতে দিনের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে মেনে সিলেট বিভাগ নারী দলের বোলাদের বিধ্বংসী বোলিং নির্ধারিত ২০ ওভারের আগেই ১৭ ওভার ৪ বলে ৫৯ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ নারী দল। জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখেই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগের নারীরা।
প্রথমে ব্যাট করতে আসা ঢাকা বিভাগ নারী দলের হয়ে সর্বেোচ্চ রান করেন ওপেনার উন্নতি আক্তার, যিনি ৪৫ বল খরচ করে ২৩ রান করেন। এছাড়া বাকিরা কেউই দুইয়ের কোটা পার হতে পারেননি। সিলেট নারী দলের হয়ে জান্নাতুল ফেরদৌস সুমনা ৩ টি, সানজিদা আক্তার মেঘলা ২ টি এবং লাবনী, পূজা চক্রবর্তী, রেয়া আক্তার শিখা ও সাথী রাণী বর্মণ একটি করে উইকেট নেন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভার ৪ বলে প্রথম উইকেট হারায় সিলেট নারী দল। ব্যক্তিগত ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাথী রাণী বর্মণ, এসময় দলীয় রান ছিল ৭। পরে অন্য ওপেনার শামীমা সুলতানা ও অধিনায়ক শারমিন সুপ্তার ৩১ রানের পার্টনারশিপে এগিয়ে যায় সিলেট নারী দল। দলীয়ভাবে যখন স্কোরবোর্ড ৩৮ রান তখন ২৯ বল খেলে ১৬ রান করে আউট হন শামীমা সুলতানা।
তবে অধিনায়ক শারমিন সুপ্তার অপরাজিত ৪১ বলে করা ২৫ ও শারমিন আক্তার সোহার ১৫ বলে ৭ রান দলের জন্য বড় জয়টি নিশ্চিত করে। এসময় ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেয়া সিলেট নারী দলের জান্নাতুল ফেরদৌস সুমনা হন ম্যান অব ম্যাচ।
এদিকে তিন ম্যাচ খেলা সিলেট ২ টি জয় পাওয়ায় পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ স্থানে। মঙ্গলবারের খেলায় ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন জয়নাল আবেদীন ও ইমরান পারভেজ রিপন।
শুভ প্রতিদিন/এমকে