প্রকাশিত

২১/১১/২০২৬ ০৭:১৮:৫০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

দিরাইয়ে খাসজমি নিয়ে দুই গ্রামের বিরোধ সংঘর্ষে আহত অন্তত ১৭

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৭:১৮:৫০ অপরাহ্ন

দিরাইয়ে খাসজমি নিয়ে দুই গ্রামের বিরোধ সংঘর্ষে আহত অন্তত ১৭

সুনামগঞ্জের দিরাইয়ে খাসজমি (জলাশয়) দখলকে কেন্দ্র করে ঘাগটিয়া ও চিতলিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসক। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪-৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি খাসজমি (জলাশয়) দখলের উদ্দেশ্যে সেখানে গিয়ে পাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নেন। এ সময় চিতলিয়া গ্রামের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

এর জেরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে দিরাই বাজারে যাওয়ার পথে বাধার মুখে পড়েন। বাজারে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের অন্তত ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪) ও তাজুল ইসলাম (৩৮) রয়েছেন। অন্যদিকে চিতলিয়া গ্রামের আহতরা হলেন সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরন দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫)।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক প্রশান্ত দাস তালুকদার জানান, আহতদের মধ্যে তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গুরুতর হওয়ায় রামচরণ দাস (৭০) কালীচরণ দাস (৬০) নামের দুজন উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএন

Advertisement
Advertisement
Advertisement