প্রকাশিত

১১/১১/২০২৫ ০৬:১৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে নাশকতার পরিকল্পনা, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৬:১৮:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীকে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম—স্কচটেপ, টোপকাটা, মারবেল, ছোট বালতি ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও হাঁটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়স্থগ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২৭) এবং হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওয়ের ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২৮)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ, শাহজালাল সার কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতা করার পরিকল্পনা নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কচুয়াবহর এলাকায় সিলেট–মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট স্থাপন করে কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বাকিদেরও গ্রেফতার করা হয়।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে কাবিলুর রহমান স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে তারা ফেঞ্চুগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ফেঞ্চুগঞ্জে রেললাইনের স্লিপার খুলে দুর্ঘটনা ঘটানো ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতি সঞ্চার এবং জানমালের ক্ষতি সাধন করা।


শুভ প্রতিদিন/এমকে