মেডিকেল বোর্ড গঠন
জিসানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন
প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৪:৫৫:৫৫ অপরাহ্ন
ছবি: ।
কুমিল্লায় বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সদ্য বহিষ্কৃত শিবির নেতা জিসানের শারীরিক বাস্তব অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) রাতে এ মেডিকেল বোর্ড গঠন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। চার সদস্য বিশিষ্ট এ বোর্ডে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমানকে প্রধান করা হয়েছে। বোর্ডের অন্যরা হলেন- নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার। ডা. মো. শাহজাহান বলেন, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা জানাতে চার সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ড তাদের মতামত জানানোর পর জিসানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সুস্থ থাকলে ছাড়পত্র দেওয়া হবে। অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এদিকে পুলিশ শিবির নেতা জিসানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়। কুমিল্লা ডিবির ওসি শামছুল আলম শাহ বলেন, শিবির নেতা জিসান অসুস্থতার ভান করে আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তাকে আদালতে তোলা হবে।
এইচ বি বা